১০ উইকেটের জয়ের পর যা বললেন আকবর
ছবি: সংগৃহীত
বিসিএলের প্রথম রাউন্ডের খেলা তিন দিনেই শেষ! একপেশে ম্যাচ জিতে নিল নর্থ জোন। আজ বৃহস্পতিবার সিলেটে সাউথ জোনকে ১০ উইকেটে হারিয়েছে হান্নান সরকারের শিষ্যরা। ম্যাচ শেষ গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক আকবর আলী।
আকবর বলেন, 'আমাদের এরকম কোনো আশাই ছিল না যে, আজকের মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আমরা একটা লিডিং অবস্থানে ছিলাম। আমাদের লক্ষ্য ছিল যদি আমরা ১৬০-১৭০ রানের একটা লিড করতে পারি হয়তোবা আমরা খুব কম রানে তাদেরকে যদি আটকাতে পারবো, হয়তোবা ইনিংস হারের একটা সুযোগ থাকতে পারে।'
'দুর্ভাগ্যবশত আমরা আজকে সকালেও খুব বেশি ব্যাটিং করতে পারিনি। তো যে কারণে ১১২-১১৩ রানের একটা লিড ছিল। তো আমাদের লক্ষ্য ছিল যদি এর মধ্যে আমরা যদি তাদের ৫-৬ উইকেট নিতে পারি হয়তোবা আমাদেরকে ৫০-৬০-৭০-৮০ লক্ষ্য যাই হোক না কেন, আমরা রান তাড়া করে জিততে পারব।'
আকবর আরো বলেন, 'ভালো হলো, একটা বিশ্রামের একটা দিন বাড়লো। প্রিমিয়ার লিগের আগে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো একটা বিশ্রামের সুযোগ হলো।'
প্রিতমের সঙ্গে নিজের জুটি নিয়ে বলেন, 'আমরাও প্রথমে ভাবিনি যে ২০০ রানের পার্টনারশিপ হবে। কিন্তু যেটা প্রাথমিক আলোচনা হচ্ছিল যে কীভাবে এরকম তিনটা উইকেট পড়ে গেছে, কীভাবে আমরা এটা থেকে কাটিয়ে উঠতে পারি। তো ৪০-৫০ রানের পার্টনারশিপের একটা পরিকল্পনা ছিল। তো ওটা যখন হলো তারপর আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো খেলছিলাম। তো আমরা শুধু খেলা চালিয়ে গিয়েছিলাম।'
এদিকে লাল বলের ম্যাচ ফি বাড়ানোয় বিসিবিকে ধন্যবাদ দিলেন আকবর, 'বিসিবিকে বড় ধন্যবাদ যে আমাদের এরকম বেতনের কাঠামোেটা তারা আবার নতুন করে ভেবে দেখেছে। আমার মনে হয় যে এটা সময়ের দাবি ছিল এবং আমরা অনেকদিন ধরে এটা বলে আসছিলাম। আমি কৃতজ্ঞ বিসিবির প্রতি।'