মেহেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীর পানিতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্রাহাম একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্রাহাম পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে নদীর পাড়ে খেলতে যায়।

একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।