জুরাইনে দাম্পত্য কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
প্রতিকি ছবি
রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় দাম্পত্য কলহের জেরে কিটনাশক পান করে নাফিজা (১৫) নামে এক কিশোর গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।
নাফিজা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনিরুজ্জামানের মেয়ে। বর্তমানে তার পরিবার জুরাইন চেয়ারম্যান গলিতে বসবাস করে।
তার স্বামী তামিম কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা।
মৃতার বোন জানান, প্রায় দুই বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন ভালো থাকলেও পরে দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি নাফিজা বাবার বাড়িতে বেড়াতে গেলে সেখানেই স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার একপর্যায়ে অভিমানে কিটনাশক পান করে।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর খবর পেলেও তার স্বামী হাসপাতালে আসেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে