সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ইটভাটা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর যৌথভাবে রায়গঞ্জ উপজেলার খামারগাতি এলাকার মেসার্স লামিয়া/মাস্টার ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম।

এ সময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অভিযানে অবৈধ ইটভাটাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, অবৈধ ইটভাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।