মুন্সীগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে গৃহবধূ ও তার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দুই ভাইকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নার্গিস সুলতানা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার খলিলের ছেলে শাহ আলম জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার স্বামী শাহজালাল বাধা দিতে গেলে শাহ আলম ও তার ভাই সাজুল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত শাহজালালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত শাহ আলম ও সাজুল এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তারা বিষয়টি ভিন্ন খাতে নিতে নিজেদের শরীরে আঘাতের চিহ্ন তৈরি করার চেষ্টা করে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী দুই ভাইকে আটক করে রাখে এবং পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।