নারায়ণগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৬৫) নামে নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন। তারা তিনজনই সিএনজির যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত দুইজনের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেপরোয়াভাবে এসে সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুইজন আহত হন।
দুর্ঘটনার পরপরই নসিমনের চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে নসিমন চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।