গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার শ্রী সপ্তম চন্দ্র বর্মন উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) এলাকার শ্রী কানাই লাল বর্মনের ছেলে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন বৃহস্পতিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত বাদল চন্দ্র বর্মন (৪৩) ও গ্রেপ্তার আসামি সপ্তম চন্দ্র বর্মন পাড়া প্রতিবেশী। তাদের দুই পরিবারের দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় ও জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে সপ্তম চন্দ্র বর্মন ও তার সহযোগী ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং বাদল চন্দ্র বর্মনের মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা বাদল চন্দ্রকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওইদিন বিকাল ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদল চন্দ্র বর্মন। পরে নিহতের ভাই শ্রী সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরইধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-৮ মাদারীপুর সিপিসি-৩’র একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক প্রধান আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।