বিএনপি নেতার নামে চাঁদা দাবি, অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক মাদক নিরাময় কেন্দ্রের পরিচালককে একাধিক নম্বর থেকে ফোন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে চাঁদাবাজ চক্র।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এ বিষয়ে একটি জিডি করেন।
জিডিতে বলা হয়, দুই ব্যাক্তি দুটি মোবাইল ফোন নম্বর থেকে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের মোবাইলে নম্বরে বিএনপি নেতা পাপ্পু সরকারের পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে পাপ্পু সরকার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এই জিডি করেন।
এই বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু কালের কণ্ঠকে বলেন, গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেই একটি চক্র তার নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন। এমন ঘটনা আগেও হয়েছে।
তিনি এঘটনায় থানায় একটি জিডি করেছেন। তার রাজনৈতিক সম্মানহানি করতে সক্রিয় চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।