ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হঠাৎ করে একটা দুর্যোগ নেমে এসেছে। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ সারা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গেছে।
পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এসব তেল কম সরবরাহের জন্য নয়, সমস্যা কিছুটা তৈরি করা।
শুক্রবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে।
তারা তেল নিয়ে কালোবাজারে বিক্রি করে দেয়। তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তা নজরদারি করতে হবে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি বলেছি।
তিনি বলেন, ‘আপনারা কখনো বিচলিত হবেন না।
অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা চালায়, তাদের প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে, যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়।’
তিনি আরো বলেন, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে—আপনারা আমাকে কাজ করার সুযোগ করে দিন, অযথা ছোটখাটো বিষয় নিয়ে আমাকে আটকে রাখবেন না। এর আগেও আমি আপনাদের বহুবার বলেছি।
আমাকে কাজ করতে দিন, দয়া করে আমাকে আটকাবেন না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি—এই সুযোগটা আমাদের দিতে হবে।’
তিনি জানান, আগামীকাল রবিবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন উপাচার্য নিয়োগ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।