চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতিকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনী এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতারা হলো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মো. মাসুদের শিশু পুত্র আব্দুল্লাহ মোহাম্মদ আলী নূর (৫) ও উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর আমেনা কলোনীর আব্দুল মালেকের প্রতিবন্ধী শিশু কন্যা তাসপিয়া আকতার (১১)।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মহিনুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী তাসফিয়া আক্তার থালাবাসন ধুতে যায় রেলওয়ে পুকুরে। এ সময় তার সঙ্গে যায় প্রতিবেশী আব্দুল্লাহ। পুকুরে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। তাকে বাঁচাতে গিয়ে তাসপিয়াও পানিতে পড়ে যায়। এতে দুজনেই পানিতে তলিয়ে গেছে। তাদের জুতা পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে তাদের পরিবারকে খবর দেয় স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, পুকুরে পড়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।