ঘরেই তৈরি করুন কাঁচা আমের ললি
ছবিঃ সংগৃহীত।
গরমের সময় শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে কাঁচা আম একটি অত্যন্ত উপকারী ফল। এটি শুধু স্বাদেই টক-মিষ্টি নয়, পুষ্টিগুণেও ভরপুর।কাঁচা আমে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গরমে পানিশূন্যতা, ক্লান্তি ও হিটস্ট্রোকের ঝুঁকি কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখে।
এই গ্রীষ্মে কাঁচা আম দিয়ে তৈরি করতে পারেন স্পাইস ললি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও আরামদায়ক। ললি গরমের দিনে শরীরকে দ্রুত ঠান্ডা করে এবং ক্লান্তি দূর করবে। খুব সহজে তৈরি করা যায়, যা শিশু থেকে বড় সবাই এটি পছন্দ করবে।
আসুন জেনে নেওয়া যাক কাঁচা আমের স্পাইসি ললি বাড়িতেই কীভাবে বানাবেন-
উপকরণ
কাঁচা আম ২টি
চিনি আধা কাপ
বিট লবণ আধা চা চামচ
লাল মরিচ গুঁড়া আধা চা চামচ
ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
পুদিনা পাতা ১ টেবিল চামচ
চাট মসলা আধা চা চামচ
পানি আধা কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে কাঁচা আম ও পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে একটি মসৃণ পিউরি তৈরি করে নিন। এরপর একটি পাত্রে সেই আমের পিউরি, পানি ও চিনি একসঙ্গে দিয়ে জ্বাল দিন। ধীরে ধীরে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি সম্পূর্ণভাবে গলে যায় এবং মিশ্রণটি একসঙ্গে মিশে যায়। চিনি গলে গেলে এতে বিট লবণ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং চাট মসলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়।
মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে তৈরি মিশ্রণটি আইসক্রিমের ছাঁচে ঢেলে দিন। প্রতিটি ছাঁচে কাঠি বসিয়ে দিন অথবা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিন যাতে বরফ জমার সময় কোনো সমস্যা না হয়। এরপর ছাঁচগুলো ৮ থেকে ৯ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন।
পুরোপুরি জমে গেলে ফ্রিজ থেকে বের করে কয়েক সেকেন্ড হালকা পানির নিচে ধরলে সহজেই আইসক্রিমগুলো ছাঁচ থেকে বের হয়ে আসবে। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের স্পাইসি ললি।