বুয়েটে মাস্টার্স, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের অধীন বিভিন্ন বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স, এমফিল ও পিএইচডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অক্টোবর ২০২৫ সেমিস্টারের জন্য সংশ্লিষ্ট বিষয়ের পোস্টগ্র্যাজুয়েট (পিএইচডি, এমফিল, মাস্টার্স ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা) প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের অফিস থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ি, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা থেকে ২ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বুয়েটের স্নাতকোত্তর ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৩ মে ২০২৬।
ভর্তির জন্য পিএইচডি, এমফিল, মাস্টার্স এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন নেওয়া হবে। পিএইচডি ডিগ্রি দেওয়া হবে আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোতে।
এছাড়া কেমিস্ট্রি, গণিত ও পদার্থবিজ্ঞানে এমফিল ডিগ্রি এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে এম আর্ক, এমএস আর্ক, এমএসসি, এম ইঞ্জিনিয়ারিং ও ট্রান্সপোর্টেশন সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস আইটিও চালু রয়েছে।
আবেদনকারীদের সকল পাবলিক পরীক্ষার সনদ, ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র এবং চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগকর্তার অনাপত্তিপত্র (এনওসি) নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর অনলাইনে ৫০০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ সম্পন্ন না হলে আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না।
বুয়েট জানিয়েছে, ভর্তির জন্য প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট নিজ নিজ নিয়মে সম্পন্ন করবে এবং নির্বাচনী প্রক্রিয়া বিভাগভেদে ভিন্ন হতে পারে। যোগ্য পূর্ণকালীন শিক্ষার্থীদের জন্য সীমিতসংখ্যক টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা ফেলোশিপ প্রদান করা হতে পারে।
এছাড়া বুয়েটের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সমমান নির্ধারণের পরই ভর্তির জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে। ভর্তির সময়সূচি পরিবর্তন হতে পারে এবং সর্বশেষ তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আন্তর্জাতিক আবেদনকারীদের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে আসনসংখ্যা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।