রোনালদোর হাতে বিশ্বকাপ তুলে দিতে চান ব্রুনো
সংগৃহীত ছবি
পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ জানিয়েছেন, তারা চান ২০২৬ বিশ্বকাপ জিতে কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে স্মরণীয় করে তুলতে।
৪১ বছর বয়সী রোনালদো আগামী জুনে তার ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে তার শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
এ প্রসঙ্গে ফার্নান্দেজ বলেন, ‘শেষ বিশ্বকাপটা যদি আমরা রোনালদোর হাতে ট্রফি তুলে দিয়ে শেষ করতে পারি, সেটা হবে অসাধারণ একটি মুহূর্ত।
’
তিনি আরো বলেন, এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলে রোনালদোর অবদানের প্রতি সম্মান জানানোর একটি সুযোগ। ‘আমি সত্যিই আশা করি আমরা এটা করতে পারব,শুধু দেশের জন্য নয়, বরং ফুটবলে রোনালদোর অবদানের জন্যও।’
উল্লেখ্য, রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১৪৩ গোল)। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা এখনো পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা।
তবে তিনি ইউরো শিরোপা জিতেছেন এবং ন্যাশনস ট্রফি দুইবার ট্রফি তুলে ধরেছেন।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের গ্রুপ পর্ব শুরু হবে ১৭ জুন, যেখানে তাদের প্রথম ম্যাচ ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।
উল্লেখ্য, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের বিশ্বকাপ, যেখানে শেষবারের মতো রোনালদোর জাদু দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।