ভাঙ্গায় যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
ভাঙ্গায় যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার।। ছবিঃ সংগৃহীত।
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আশরাফুজ্জামান (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় একটি যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
গ্রেফতারকৃত আশরাফুজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, এ সময় বাসের যাত্রী আশরাফুজ্জামানের কাছে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। আশরাফুজ্জামান দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে রাতে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে এবং সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ।