কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও দুজন গ্রেপ্তার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: আরও দুজন গ্রেপ্তার

প্রতিকি ছবি

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চীনা এক নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. লিটন (৩৮) ও মো. ইকবাল হোসেন (৩০)। তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা। ইকবাল হোসেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার শ্রীপাশা গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

ইকবাল হোসেনের বিরুদ্ধে ছয়টি চুরির মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে গত ১৫ এপ্রিল পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি বিদেশি মোবাইল ফোন ও ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ অভিযানে গ্রেপ্তার দুজনসহ এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার একটি আন্ডারপাসে ‘ইয়াং জি জিয়াং’ প্রকল্পে ১৫–২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় তারা মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে ফেলে এবং ভেতরে তাণ্ডব চালায়। একপর্যায়ে তারা চীনা নাগরিক ওয়েন জিনহুয়ার (৫৫) কক্ষে ঢুকে লুটপাটের চেষ্টা করে।

বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এ সময় ডাকাতরা ১০টি বিভিন্ন ব্র্যান্ডের আইফোন ও স্মার্টফোন, তিনটি দামী ঘড়ি এবং প্রায় ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে আহত ওয়েন জিনহুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় প্রকল্পের সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়।