বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ হাসান রাব্বি (২৪) নামে এক যুবক মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় লক্ষ্মীপুর–রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরে বৃষ্টি হয়। এতে সড়কগুলো ভিজে যায়। মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ঘোরানোর চেষ্টা করলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় রাব্বি নামে একজন নিহত হয়েছেন। হাসপাতালে আনার সময় তাকে মৃত পাওয়া যায়।