পিএসএলে সেরা চারে উঠল যারা

পিএসএলে সেরা চারে উঠল যারা

ছবি: সংগৃহীত

শেষ হতে চলেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম পর্ব। শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। আর এর মধ্যেই নিজ নিজ যোগ্যতায় সেরা চারে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও হায়দরাবাদ কিংসম্যান।

এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি। তাদের দুই নম্বরে নামার কোনো সম্ভাবনাই নেই।

এদিকে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস। তিনে অবস্থান ইসলামাবাদ ইউনাইটেডের। অবশ্য দুই নম্বর অবস্থানে আসতে পারে পরিবর্তন। কেননা গ্রুপপর্বের শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড। এই ম্যাচের জয়ী দলই দুই নম্বরে জায়গা নিশ্চিত করবে।

সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়েছে চতুর্থ অবস্থান নিয়ে। নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতে চার নম্বরে উঠেছিল লাহোর কালান্দার্স। কিন্তু তখন পর্যন্ত ছয় নম্বরে থাকা হায়দরাবাদ কিংসম্যানের একটি ম্যাচ বাকি ছিল। এই ম্যাচে জিততে তো হবেই, সেই সঙ্গে নেট রানরেটও বাড়ানো দরকার ছিল তাদের।

আজ রবিবার দিনের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান করে তারা। সেরা চারে উঠতে রাওয়ালপিন্ডিকে ১৫৮ রানে থামাতে হতো কিংসম্যানের। কিন্তু ১৩৬ রানেই অলআউট হয়ে যায় মোহাম্মজ রিজওয়ানের রাওয়ালপিন্ডি। তাতেই লাহোরের সমান ১০ পয়েন্ট নিয়েও চার নম্বরে জায়গা নিশ্চিত হয় হায়দরাবাদ কিংসম্যানের।