সিলেটে বিশেষ অভিযানে শতাধিক আটক
প্রতিকি ছবি
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় নানা অপরাধে ১০৮ জনকে আটক করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অভিযানকালে নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৭ জন, সন্দেহভাজন ও মেট্রো আইনে ৬৮ জন, আইন অমান্যকারী হকার ২ জন, মাদক কারবারি ও মাদকসেবী ২১ জনকে আটক করা হয়েছে।
অভিযানকালে ভারতীয় পণ্য ও মাদক দ্রব্যও উদ্ধার করে পুলিশ।
এছাড়া অভিযানকালে এসএমপির ট্রাফিক বিভাগ ১১৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৭৩টি আটক করা হয়। এসব যানের মধ্যে রয়েছে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল।
প্রসঙ্গত, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপি গেল কয়েক দিন ধরে বিশেষ অভিযান পরিচালনা করছে।