ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে মালিকসহ ৩ গরুর মৃত্যু
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইন থেকে গরু সরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক গরুর মালিকসহ তিনটি গরুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার ঢাকা–ঈশ্বরদী রেলপথের হালুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরুর মালিক সেলিম মন্ডল (৪৫) ওই গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত চলাকালে সেলিম মন্ডল তার ৯টি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি ও তিনটি গরু ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত আরও দুটি গরু পরে এলাকাবাসী জবাই করেছে বলে জানা গেছে।