মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষার্থী নিহত

মহাখালীতে সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

রাজধানী মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নিলিমা রানী সুমনা (২৫) নামে এক নারী শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রবিবার রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) মারা গেছেন। 

এর আগে, শনিবার রাতে মহাখালী আমতলী এলাকা দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

নিলিমা কুড়িগ্রাম জেলায় চিলমারী ছোট কুষ্টারী গ্রামের সুবাস চন্দ্র বর্মনের মেয়ে। 

তার বাবা সুবাস বলেন, নিলিমা স্টুডেন্ট ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএসটি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে পড়াশোনার পাশাপাশি 
ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে মহাখালীর বেসরকারি হাসপাতাল ইর্য়ক হাসপাতালে চাকরি করত। সে বর্তমানে তার শিক্ষাপ্রতিষ্ঠানের হোস্টেলে থাকতো। চাকরির সুবাদে হাসপাতালের পাশে একটি বাসায় থাকতো। 

তিনি বলেন, আমি সংবাদ শুনে হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। কীভাবে সে দুর্ঘটনার শিকার হয়েছে তা জানতে পারিনি। দুই বোনের মধ্যে সে বড়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।