আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত

অনিয়ম লুটপাটে সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খাঁনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংক যে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে, আভিভা ফাইন্যান্স তার মধ্যে একটি।

একসময় রিলায়েন্স ফাইন্যান্স নামে পরিচালিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার। সে সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। পি কে হালদারের সময়ে প্রতিষ্ঠানটি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়ে এবং খেলাপি ঋণের হার ৮০ শতাংশের বেশি হয়ে যায়।

পরবর্তীতে পি কে হালদার দেশত্যাগ করলে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়। তবে নাম বদলের পরও আর্থিক অবস্থার উন্নতি হয়নি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যাংক থেকে এস আলম গ্রুপকে সরানোর উদ্যোগের অংশ হিসেবে আভিভা ফাইন্যান্স থেকেও সরে দাঁড়ান সাইফুল আলম। এরপর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দিয়ে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে।

বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।