ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

প্রতিকি ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ও বিকেলে উপজেলার সৈয়দপুর ও কোষারাণীগঞ্জ ইউনিয়নে এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন- সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুপুরে সেলিনা আক্তার ফসলি মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রসহ বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে বিকেলে ইলিয়াস আলী নিজ জমির ফসল দেখতে মাঠে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।

একই দিনে উপজেলার দুটি এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।