লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহিদ হাসান রাব্বি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে স্পিড ব্রেকারের দাবিতে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ করেন।
রোববার (২৬ এপ্রিল) রাতে জেলা শহরের মডেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদার বাড়ির নূর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল আরোহী শহরের মোটক্কা মসজিদ এলাকা থেকে দক্ষিণ তেহমুনীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশাটি পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে লক্ষ্মীপুর-রামগতি সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।