ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহযোগী অধ্যাপক কারাগারে
ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যায় সহযোগী অধ্যাপক কারাগারে।। ছবিঃ সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর কাজী ইকবাল হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
আবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুদীপ চক্রবর্তীকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার তদন্ত এখনও চলমান এবং ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। একই সঙ্গে তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে বাড্ডা এলাকায় বসবাস করতেন। রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরে দুপুরের দিকে শিক্ষার্থীর বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়।