পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫৬ ও ২০১৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৯৫৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টি কোম্পানির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ২২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।
আগের দিন সিএসইতে ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।