নেত্রকোনায় বজ্রপাতে কৃষক-শ্রমিকসহ তিনজনের মৃত্যু
প্রতিকি ছবি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার তিনটি পৃথক স্থানে বজ্রপাতে মৎস্য শিকারি, কৃষক ও শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপিল) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধ্যবাগ গ্রামের মোতালিব (৫৫), নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ ওরফে হালান মিয়া (৫০) এবং সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মোচড়া ইউনিয়নের আকনাদিঘী চর গ্রামের শুভ মন্ডল।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মোতালিব উপজেলার জগন্নাথপুর গ্রামের ধনু নদীর ফেরিঘাটে বরশি দিয়ে মাছ শিকার করার সময় বজ্রাঘাতে মারা যান।
এরপর সাতগাঁও হাওর থেকে গরু আনতে গেলে কৃষক হালান মিয়া ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাত থামার পর স্বজনরা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
অন্যদিকে, উপজেলার সুনামগঞ্জ সীমান্তবর্তী কৃষ্ণপুর ইউনিয়নের শিবনগর গ্রামে ধান কিনতে এসে শুভ মন্ডল বজ্রাঘাতে নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, জানান ওসি।
জেলা প্রশাসক মো. খন্দকার মুশফিকুর রহমান জানান, নিহতদের দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।
উল্লেখ্য, রবিবার (২৬ এপিল) দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।