সামরিক ঐতিহ্য নিয়ে সৌদির বিশেষ আয়োজন

সামরিক ঐতিহ্য নিয়ে সৌদির বিশেষ আয়োজন

ফাইল ছবি।

সৌদি আরবের সামরিক ঐতিহ্য ও সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরতে আগামী সেপ্টেম্বরে দেশটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে 'সৌদি সামরিক ইতিহাস ফোরাম'।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কিং আবদুল আজিজ ফাউন্ডেশন এবং তায়েফ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা তায়েফ হিস্ট্রি সেন্টারের সহযোগিতায় এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে যে, এই ফোরামের মূল লক্ষ্য হলো জাতীয় সামরিক উত্তরাধিকার নথিভুক্ত করা এবং আধুনিক সৌদি আরব গঠনে সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক অবদানকে সামনে আনা।

এই আয়োজনে মূলত চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হবে, যার মধ্যে রয়েছে সৌদি আরবের সামরিক বাহিনীর প্রতিষ্ঠা পর্যায়, সেনাবাহিনী গঠনে তায়েফ গভর্নরেটের বিশেষ ভূমিকা, সশস্ত্র বাহিনীর ক্রমবিকাশ এবং সামরিক ইতিহাস সংরক্ষণের উৎসসমূহ।

এর মাধ্যমে রাজ্যের সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটির সামরিক অগ্রযাত্রার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটিয়ে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মূলত ইতিহাস ও সামরিক বিজ্ঞান সংশ্লিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে এই ফোরামের পরিকল্পনা করা হয়েছে, যা গবেষণামূলক কাজের পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে।

ফোরামের কার্যসূচিতে পিয়ার-রিভিউড গবেষণা পত্র উপস্থাপন, বিশেষ প্যানেল আলোচনা এবং ঐতিহাসিক প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সরেজমিন পরিদর্শনের সুযোগ থাকছে।  

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে আগ্রহী গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কিং আবদুল আজিজ ফাউন্ডেশনের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষণার সারসংক্ষেপ এবং পূর্ণাঙ্গ পেপার জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী, গবেষণার সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ মে এবং পূর্ণাঙ্গ গবেষণা পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।