কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন গাইবান্ধার চার ইউনিয়ন

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন গাইবান্ধার চার ইউনিয়ন

ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। রবিবার দুপুরে কালবৈখাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, কোচাশহর ও শিবপুর ইউনিয়ন।  

ঝড়ে ভেঙে পড়ে বড় বড় গাছপালা। মহিমাগঞ্জ, শালমারা, কোচাশহর, শিবপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটির ওপর গাছপালা পড়ার কারণে প্রায় ৬টিরও বেশি খুঁটি ভেঙে যায় ও ৪টি খুঁটি উপড়ে পড়ে যায়।

বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার কারণে পলাশবাড়ী গ্রিড থেকে বিদ্যুৎ নিতে পারলেও মহিমাগঞ্জ সাব স্টেশনের সকল ফিডার বন্ধ রয়েছে।

এদিকে, মহিমাগঞ্জ থেকে ৪টি ইউনিয়নে ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান এফএনএফ ব্রডব্যান্ড সার্ভিসের প্রায় সকল ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে তার ছিঁড়ে মাটিতে পড়ে যাওয়ার কারণে গত ২৪ ঘণ্টা থেকে ইন্টারনেট সরবরাহ বন্ধ রয়েছে।

মহিমাগঞ্জ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আতিকুর রহমান বলেন, ঝড়ে যে ১০টি বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব এই ৪টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তবে কখন কাজ শেষ হবে এখনো বলা যাচ্ছে না।

মহিমাগঞ্জ ইউনিয়ন থেকে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান এফএনএফ ব্রডব্যান্ড সার্ভিসের পরিচালক এহসানুল করিম বলেন, এসব ইউনিয়নের প্রায় সকল জায়গাতেই তার ছিঁড়ে মাটিতে পরে আছে। সোমবার সকাল থেকে কাজ শুরু করেছি। ইন্টারনেট লাইনের কাজ শেষ হতে আমাদের ৩ থেকে ৪ দিনের মতো সময় লাগতে পারে।