টেকনাফে মানব পাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩
প্রতিকি ছবি
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল অধিনায়ক মো. হানিফুর রহমান। তিনি জানান, রবিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। মহেশখালী পাড়া এলাকায় মোহাম্মদ শক্কুরের বসতবাড়ির পাশের একটি মানব পাচারকারীদের তৈরি আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২০ জন নারী এবং ৩৩ জন শিশু রয়েছে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মানব পাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।