দুর্বৃত্তদের ছোড়া পাথরে চার দাঁত হারালেন ট্রেনযাত্রী
ফাইল ছবি
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) নামে এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে। আহত অন্য যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পেয়েছেন।
সোমবার দুপুরে কক্সবাজার চকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কক্সবাজার স্টেশন ছেড়ে আসে। আহত দুই যাত্রী ট্রেনের নন-এসি ‘ঢ’ বগির ৩৫ ও ৩৬ নম্বর আসনের যাত্রী ছিলেন। দুপুর ১টার দিকে ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে জানালার পাশে থাকা দুই যাত্রী আহত হন। পাথরটি হিমেলের মুখে লাগলে তার চারটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁটের অংশ কেটে যায়।
আহতদের বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হয়।
ওই বগির সহযাত্রী সাইদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর ট্রেনের গার্ড ও অ্যাটেনডেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। এমনকি বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলে তারা উল্টো জানালা খোলা রাখা নিয়ে যাত্রীদেরই প্রশ্ন করেন, যা উপস্থিত যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, পাথর নিক্ষেপ ঠেকাতে বিশেষ করে চকরিয়া ও হারবাং এলাকায় নজরদারি বাড়াতে রেলওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।