নারীদের স্তন ও সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে দ্রুত শনাক্তকরণ জরুরি

নারীদের স্তন ও সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে দ্রুত শনাক্তকরণ জরুরি

সংগৃহীত ছবি

ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও দ্রুত শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট-ভাকলা এলাকায় একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষভাবে নারীদের মধ্যে স্তন ও সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা’ শীর্ষক এই কর্মসূচি সম্প্রতি চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে আয়োজন করে উজ্জ্বলা উইমেন অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও সিসিআই ফাউন্ডেশন। কর্মসূচিতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে ক্যান্সার বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে সিসিআই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অনকোলজিস্ট ডা. লুবনা মরিয়াম, ক্যান্সার সারভাইভার ও গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া আফরিন এবং উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা পারভীন বক্তব্য দেন। তারা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের উদ্বুদ্ধ করেন।

 

বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে এবং পর্যায়ক্রমে মেডিক্যাল ক্যাম্প, ক্যান্সার স্ক্রিনিংসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।