প্রেমঘটিত বিরোধে হামলা, প্রেমিকাসহ আহত ৫
প্রতিকি ছবি
গোপালগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকের পরিবারের লোকজনের হামলায় প্রেমিকাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় প্রেমিকার বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তার (৩৫)।
তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামীমা জাহানের সঙ্গে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে প্রেমিক হায়াত কাজীর মামা, হরিদাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং শামীমা জাহানসহ অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত রিমা আক্তার অভিযোগ করে বলেন, হঠাৎ করে জয় কাজী ও তার লোকজন তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।
তবে অভিযুক্ত জয় কাজী অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি।
মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে তিনি তা থামাতে গিয়েছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।