বৃষ্টিতে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
সংগৃহীত ছবি
কুমিল্লায় ভারী বৃষ্টিপাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেক স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় চলাচল ব্যাহত হয়। এতে মঙ্গলবার দুপুরে চলাচলে শিক্ষার্থীসহ নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়।
এছাড়া বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাস। ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, রোগী ও তাদের স্বজনেরা।
সরেজমিন দেখা গেছে, স্টেডিয়াম সড়কে পানিতে তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে। এই সড়কটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল। গাড়ি ঘুরে কান্দিরপাড় যেতে হয়েছে। লাকসাম রোডে পানি জমায় ২০ টাকার ভাড়া অটোরিকশা নিয়েছে ৩০ টাকা। জলাবদ্ধতায় সালাউদ্দিন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। পানি জমে ঈশ্বর পাঠাশালার স্কুলের পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। এদিকে স্টেডিয়াম মার্কেটের কিছু দোকানেও পানি ঢুকে পড়ে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, বৃষ্টিতে হাসপাতালের ক্যাম্পাস ডুবে গেছে। কোথাও হাঁটুর ওপরে পানি জমে গেছে। পাশের ড্রেনগুলো সংস্কার করা হলে চিকিৎসক, হাসপাতালের স্টাফ ও রোগীদেরও দুর্ভোগ কমবে।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, পানি সরানোর জন্য বিভিন্ন পয়েন্টে কাজ করছি। মেডিক্যাল কলেজ হাসপাতালের সমস্যা সমাধানে আমরা কিছু কাজ করেছি, প্রয়োজনীয় আরো কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করব।
এদিকে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য শাক-সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কুমিল্লার বিভিন্ন উপজেলা দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।