রায়পুরায় শিশু ধর্ষণ: অভিযুক্ত জুনায়েদ কারাগারে
প্রতিকি ছবি
অবশেষে নরসিংদীর রায়পুরায় শিশু ধর্ষণে অভিযুক্ত জুনায়েদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত জুনায়েদ আহমদ রায়পুরার জান্নাতুল বুশরা বালিকা মাদ্ররাসার শিক্ষক। তিনি উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং প্রতিষ্ঠানটির মুহতামিম।
প্রাথমিকভাবে জানা গেছে, রায়পুরা হাসিমপুর-কলাবাড়িয়ার জান্নাতুল বুশরা বালিকা মাদ্ররাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থী গত ২৪ এপ্রিল রাতে ধর্ষণের শিকার হন। এতে অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবা ও খালাকে জানায়। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে স্থানীয় জনতা মাদরাসার একটি শাটার ভাঙচুর করেন। একই সঙ্গে অভিযুক্ত জুনায়েদকে আটক করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে পুলিশ উপস্থিত হওয়ার আগেই কৌশলে জুনায়েদ পালিয়ে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান জানান, জুনায়েদকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুর মা ধর্ষণের বিষয়ে বলেছেন। ভুক্তভোগীকে ডাক্তারের কাছে পাঠিয়েছি। ধর্ষণের আলামত পেলে এই মামলা ধর্ষণ হিসেবেই গণ্য হবে।