শেরপুরে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস
সংগৃহীত ছবি
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
২৮ এপ্রিল মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালত এজলাস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুরের গৃহীত কার্যক্রম ও সফলতার প্রশংসা করেন এবং সরকারি খরচে আইনগত সহায়তা পেতে কমিটির কার্যক্রমকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এসময় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিজ্ঞ আইনজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।