সিলেটে যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২
প্রতিকি ছবি
সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় নগরীর রিকাবিবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার ঝিগলী গ্রামের আবদুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫) ও বিশ্বনাথ উপজেলার চৌধুরীবাজারের মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)।
এর মধ্যে আক্তার সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভাইয়ারপাড় বাদেআলী এলাকায় এবং সুমন একই থানার আখালিয়া বড়বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, গতকাল সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম(৬০) সিএনজি অটোরিকশা করে বন্দরবাজার যাচ্ছিলেন। নগরীর রিকাবিবাজার আসার পর অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার কাছ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে টহল পুলিশের একটি টিম এসে দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে।