শ্যামনগরে জব্দকৃত ২টন শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

শ্যামনগরে জব্দকৃত ২টন শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

শ্যামনগরে জব্দকৃত ২টন শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত।। ছবিঃ সংগৃহীত।

সাতক্ষীরার শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনের ভিতরে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানের উপস্থিতিতে এসব শামুক ও ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’ থেকে এসব শামুক-ঝিনুক স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে জব্দ করেন বনবিভাগ ও পুলিশের একটি যৌথ আভিযানিক টিম। জব্দকৃত শামুক-ঝিনুকের ওজন প্রায় ২ হাজার ৫শ কেজি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শামুক ও ঝিনুক পাচারের সাথে জড়িতদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হবে।