জলাবদ্ধতা নিরসণে রেগুলেটর নির্মাণের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ
সংগৃহীত ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসণে রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকালে কালিরবাজার বটতলা এলাকায় উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা সাধারণ সম্পাদক রানু সরকার, আব্দুল্লাহ সরকার, সাদেকুর রহমান, ইউনুস আলী, উত্তম বর্মনসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সাল থেকে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি দেওয়া হলেও এখনো রেগুলেটর নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না বলে তারা দাবি করেন।
তারা বলেন, ওয়াপদা বাঁধে রেগুলেটর না থাকায় উপজেলার উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের বিল-ঝিলঘেরা প্রায় এক-তৃতীয়াংশ জমিতে আমন ধান চাষ করা যাচ্ছে না। পাশাপাশি সময়মতো ইরি-বোরো ধানের বীজতলা প্রস্তুত করাও ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, রেগুলেটর না থাকায় যমুনা নদীকেন্দ্রিক সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের মাধ্যমে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।