মুক্তিপণ দিয়েও খোঁজ মেলেনি স্বামীর, মামলা করলেন স্ত্রী

মুক্তিপণ দিয়েও খোঁজ মেলেনি স্বামীর, মামলা করলেন স্ত্রী

ফাইল ছবি

মুক্তিপণ দেওয়ার পরে সৌদি আরবে পাচার করা স্বামীকে ফিরে না পেয়ে পাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে স্ত্রী। বুধবার বরিশাল মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। 

ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ ২৪ ঘন্টার মধ্যে নালিশী অভিযোগ মামলা হিসেবে রুজু করে বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদী রেজবিন আক্তার বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া গ্রামের বাসিন্দা ও পাচারের শিকার মো. মিজানুর রহমানের স্ত্রী।  বিবাদীরা হলেন সৌদি প্রবাসী ও একই উপজেলার বাসিন্দা নয়ন সিকদারের ছেলে মোস্তফা সিকদার লাল (৩৫), তার বাবা নয়ন সিকদার (৬০) ও স্ত্রী সাথী আক্তার (২৫)সহ অজ্ঞাত আরো ৩ জন। 

মামলার বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বাদীর স্বামী মিজানুর রহমানকে চার লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে ২০২৫ সালের ২৬ নভেম্বর সৌদি আরবে নেয় মোস্তফা সিকদার। সেখানে নেওয়ার পর মিজানুর রহমানকে চুক্তি অনুযায়ী কোন কাজ নিয়ে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি ফোন করে মোস্তফা সিকদার জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন চায়। মুক্তিপনের টাকা না দিয়ে স্বামীকে মাফিয়া চক্রের কাছে বিক্রির হুমকি দেয়। তখন মোস্তফা সিকদারের বাবা নয়ন সিকদার ও স্ত্রী সাথী আক্তারকে মুক্তিপণের পাঁচ লাখ টাকা দেওয়া হয়। 

মুক্তিপণের টাকা দেওয়ার পরেও স্বামীর কোন সন্ধান পাচ্ছে না স্ত্রী। বিবাদীর কাছে গেলে তারা সকল কিছু অস্বীকার করে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ এনে মামলা করেছে স্ত্রী।