ঢাবিতে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী
সংগৃহীত ছবি
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশের (রোসনি) উদ্যোগে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রোকেয়া হলের ৭ মার্চ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম।
তিনি বলেন, সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন এক অনন্য মানবতাবাদী শিল্পী।
তার কাজ আমাদের চিন্তা ও সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে।
এদিন প্রদর্শিত হয় হীরক রাজার দেশে চলচ্চিত্রটি, যা দর্শকরা গভীর আগ্রহ ও আবেগ নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোসনির আয়োজন ব্যবস্থাপক জিন্নাতুল ইসলাম প্রত্যাশা।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্মাতা সত্যজিৎ রায় ও তার কাজ নিয়ে একটি সংক্ষিপ্ত কুইজের আয়োজন করা হয়।
কুইজটি পরিচালনা করেন সহকারী সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদ। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোসনির অন্যতম সঞ্চালক তানজিনা বিনতে নূর বলেন, কিছু সিনেমা শুধু বিনোদন নয়, ইতিহাস ও শিক্ষার দলিল—‘হীরক রাজার দেশে’ তেমনই একটি চলচ্চিত্র।
রোসনির আরেক সঞ্চালক ফারজিয়া হক ফারিন বলেন, সত্যজিৎ রায় তার সৃষ্টিশীলতা দিয়ে বিশ্বজুড়ে নির্মাতাদের অনুপ্রাণিত করেছেন।
তার নির্মিত চলচ্চিত্রগুলো আজও দর্শকদের ভাবায়। বক্তব্য শেষে তিনি একটি গান পরিবেশন করেন।
হাউজ টিউটর দীপা সরকার বলেন, শিক্ষার্থীদের আনন্দের জন্য ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করা হবে।
রোসনির প্রতিষ্ঠাকালীন সভাপতি রওনক জাহান রাকামনি বলেন, বর্তমান সোশ্যাল মিডিয়া ও দ্রুত বিনোদনের যুগে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব আরো বেড়েছে। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এ আয়োজন সেই চর্চাকে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস।
প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম মিথিলা বলেন, জন্মের ১০০ বছর পরেও সত্যজিৎ রায় বিশ্বজুড়ে চলচ্চিত্র শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।
অনুষ্ঠানে রোকেয়া হলের হাউজ টিউটর ও রোসনির সঞ্চালকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যেই রোসনির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।