ডাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগ
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের নিচতলায় অবস্থিত ক্যাফেটেরিয়ায় পচা মাংস রান্নার অভিযোগে অভিযান চালিয়ে তা হাতে-নাতে ধরা হয়েছে বলে দাবি করেছেন ডাকসু নেতারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপুসহ কয়েকজন নেতাকর্মী ক্যাফেটেরিয়ার রান্নাঘরে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, টিএসসির পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য খাবার প্রস্তুত করা হয়। অভিযানের সময় ডাকসু নেতারা অভিযোগ করেন, সেখানে শিক্ষার্থীদের পরিবেশনের উদ্দেশ্যে পচা মাংস রান্না করা হচ্ছিল।
অভিযান চলাকালে ফাতিমা তাসনিম জুমা বলেন, শিক্ষার্থীদের জন্য এসব পচা মাংস রান্না করা হচ্ছিল। বিষয়টি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে জানালে তিনি উল্টো প্রশ্ন করেন, আমরা নাকি তাকে পচা মাংস রান্না করতে বলেছি।
তিনি বলেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালালে অনেক সময় ‘মব’ করার অভিযোগ তোলা হয়। বিষয়টি এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, তা তারা পর্যবেক্ষণ করছেন।