নাঙ্গলকোটে সরকারি হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন খোকন নামে একজনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি পৌরসভার হরিপুর গ্রামের গফুর ডিলার বাড়ির আব্দুল লতিফের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালের পূব পাশের ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটির ছোট বোন হাসপাতালে ভর্তি থাকায় সে তার মায়ের সঙ্গে গত চারদিন ধরে হাসপাতালে অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা হাসপাতালে আসলে বাবার সঙ্গে হাসপাতাল গেটে যান। সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা খোকন শিশুটিকে চকলেট ও আইসক্রিমের প্রলোভন দেখিয়ে হাসপাতালের পূর্ব পাশের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
হাসপাতালে ভর্তি থাকা শিশুটির মা খোঁজাখুঁজি করে তৃতীয় তলায় গেলে খোকন টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়।
নাঙ্গলকোট সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, হাসপাতালে নিরাপত্তাকর্মী না থাকায় যে কেউ নিজেদের মনমতো হাসপাতালে প্রবেশ করতে পারছে। হাসপাতালে দ্রুত নিরাপত্তাকর্মী প্রয়োজন। ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, এই ঘটনায় থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।