উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলা, ১২ সেনা আহত
সংগৃহীত
উত্তর ইসরাইলে একটি সামরিক যান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় অন্তত ১২ ইসরাইলি সেনা আহত হয়েছেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উত্তর ইসরাইলে একটি সামরিক যানে হিজবুল্লাহর ড্রোন আঘাতের ঘটনায় ১২ জন সেনা আহত হয়েছেন।
আইডিএফ জানিয়েছে, ড্রোনটি ইসরাইল-লেবানন সীমান্তের কাছে শোমেরা শহরের নিকটবর্তী এলাকায় আঘাত হানে। এতে দুইজন সেনা মাঝারি আহত এবং অন্তত ১০ জন সামান্য আহত হন।
ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ড্রোনের আঘাতে ইসরাইলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এসময় কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।
আইডিএফ আরও জানায়, হিজবুল্লাহ যে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেটিতে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়েছে কি না সেটি তদন্ত করা হচ্ছে।
আইডিএফ জানায়, বৃহস্পতিবার লেবানন থেকে আসা রকেট বা ড্রোনের মতো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অন্তত চারবার ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। প্রতিরক্ষা বাহিনীর দাবি, এতে বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটি লক্ষ্যবস্তু প্রতিহত করার ফলাফল পর্যালোচনাধীন রয়েছে।
এদিকে ইসরাইলের উত্তরাঞ্চলীয় জারিয়াত এলাকায় একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জারিয়াত উত্তর ইসরাইলে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত। এর আগে দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় ইসরাইলি সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল