দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ে ফিরছেন - শামীম জামান

দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ে ফিরছেন - শামীম জামান

ছবিঃ সংগৃহীত।

সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’।মে দিবস উপলক্ষে আজ (১ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলের ৪৫তম প্রযোজনাটির মঞ্চায়ন হবে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর মঞ্চে অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ব্যস্ততার কারণে মঞ্চে অনেকদিন সময় দিতে পারিনি। একক ও ধারাবাহিক নাটক নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়৷ যে কারণে দীর্ঘ তিন বছর মঞ্চনাটকে আমাকে দেখা যায়নি। তিন বছর পর আজ ‘রাঢ়াঙ’ নাটক দিয়ে মঞ্চে ফিরছি। আমার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মঞ্চনাটক দিয়ে। যতই ব্যস্ত থাকি না কেন মঞ্চ খুব মিস করি। অনেক দিন পর আপন ভুবনে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ২০০০ সালে নওগাঁর সাঁওতালদের ভূমি বিদ্রোহ নিয়ে। এ বিদ্রোহে নেতৃত্ব দেন তরুণ আলফ্রেড সরেন। তার নেতৃত্বে সাঁওতালদের সে বিদ্রোহ দেশব্যাপী আলোড়ন তুলেছিল। বিদ্রোহ দমাতে না পেরে জোতদারের দল আলফ্রেড সরেনকে হত্যা করেছিল। তার সেই আত্মদানের গল্প নিয়ে মামুনুর রশীদ রচনা করেন ‘রাঢ়াঙ’। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ২০০৪ সালে। এরপর ভারত ও দক্ষিণ কোরিয়া বেশকটি নাট্যোৎসবে মঞ্চায়ন হয়েছে এ নাটকের।