জেনে নিন রান্নার স্বাদ বাড়াতে এলাচের ব্যবহার
ছবিঃ সংগৃহীত।
বিরিয়ানি বা অন্য কোনো সুস্বাদু খাবার খেতে গিয়ে হঠাৎ মুখে এলাচ পড়লে অনেকেরই বিরক্ত লাগে। অথচ এই ছোট মসলাটি ছাড়া অনেক রান্নাই যেন অসম্পূর্ণ।এলাচের সুবাসই একটি সাধারণ খাবারকে বিশেষ করে তোলে। কিন্তু সমস্যা হয় তখনই, যখন এর ব্যবহার ঠিকমতো বোঝা যায় না, কোথায় কতটুকু দেবেন, কোন ধরনের এলাচ ব্যবহার করবেন কিংবা কীভাবে ব্যবহার করলে এর ফ্লেভার ঠিক থাকবে।
সবুজ না কালো কোন এলাচ কোন রান্নায়?
এলাচ মূলত সবুজ (ছোট), কালো (বড়) দুই ধরনের হয় থাকে। দুইটির স্বাদ, গন্ধ ও ব্যবহার আলাদা। কালো এলাচের গন্ধ একটু বেশি তীব্র ও স্মোকি ধরনের হয়। তাই এটি মাংসের ঝোল, কোরমা বা গ্রেভি জাতীয় রান্নায় বেশি ভালো লাগে। বিরিয়ানি বা ভারী মসলাযুক্ত খাবারেও বড় এলাচ ব্যবহার করলে স্বাদ গভীর হয়।
অন্যদিকে সবুজ এলাচের সুবাস মিষ্টি ও হালকা। তাই এটি চা, পায়েস, কেক, বিস্কুট বা ডেজার্টে বেশি ব্যবহার করা হয়। পোলাও বা হালকা ভাতের পদেও ছোট এলাচ খুব ভালো মানিয়ে যায়।
এলাচ ব্যবহারের সঠিক পদ্ধতি
এলাচের ফ্লেভার ঠিক রাখতে এর ব্যবহার পদ্ধতি জানা খুব জরুরি। কারণ ভুলভাবে ব্যবহার করলে এই মসলাটিই খাবারের স্বাদ নষ্ট করে দিতে পারে।
কেক, বিস্কুট বা পায়েসের মতো মিষ্টি জাতীয় খাবারে এলাচ গুঁড়া করে ব্যবহার করাই ভালো। এতে পুরো খাবারে সমানভাবে সুবাস ছড়িয়ে পড়ে। চায়ের ক্ষেত্রেও এলাচ গুঁড়া বা হালকা থেঁতো করে ব্যবহার করলে ভালো ফ্লেভার পাওয়া যায়।
অন্যদিকে গ্রেভি বা ভাতের রান্নায় গোটা এলাচ ব্যবহার করা উচিত। চাইলে একটু থেঁতো করে দিতে পারেন, এতে এর সুগন্ধ আরও ভালোভাবে বের হয় এবং রান্নার সঙ্গে মিশে যায়।
এলাচ কখন দেবেন?
এলাচ কখন দেওয়া হচ্ছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গ্রেভি বা তেলযুক্ত রান্নায় সাধারণত শুরুতেই এলাচ দিয়ে দেওয়া ভালো। এতে তেলের সঙ্গে এর গন্ধ ভালোভাবে মিশে যায় এবং পুরো রান্নায় ছড়িয়ে পড়ে। তবে মিষ্টি বা ডেজার্টের ক্ষেত্রে এলাচ শেষে দিলে বেশি ভালো ফ্লেভার পাওয়া যায়। এতে সুবাসটা ফ্রেশ থাকে এবং অতিরিক্ত তীব্র লাগে না।
পরিমাণ ঠিক রাখা জরুরি
এলাচের গন্ধ খুবই তীব্র, তাই বেশি ব্যবহার করলে পুরো খাবারের স্বাদ নষ্ট করে দিতে পারে। সাধারণত একটি রান্নায় ২-৩টির বেশি এলাচ ব্যবহার না করাই ভালো।
অনেক সময় দেখা যায়, অতিরিক্ত এলাচ দেওয়ার কারণে অন্য মসলার স্বাদ বোঝাই যায় না। তাই পরিমাণ বুঝে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মুখে এলাচ পড়া এড়াতে যা করবেন
অনেকেই এলাচের স্বাদ পছন্দ করলেও মুখে পড়লে তা বিরক্তিকর লাগে। এই সমস্যা এড়াতে রান্না শেষে গোটা এলাচগুলো তুলে ফেলে দেওয়া যেতে পারে। এতে এলাচের সুবাস থাকবে, কিন্তু খাওয়ার সময় অস্বস্তি হবে না।
এলাচ একটি শক্তিশালী সুগন্ধি মসলা, যা সঠিকভাবে ব্যবহার করলে যেকোনো খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তবে এর ব্যবহার ভুল হলে সেই একই মসলা খাবারের স্বাদ নষ্টও করতে পারে।