তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানীর তেজগাঁও বিভাগে নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি রিভলভার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।