বিশ্বকাপ মিশনের জন্য বড় সিদ্ধান্ত নিলেন নেইমার
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ সামনে রেখে নিজেকে সেরা অবস্থায় রাখতে মরিয়া নেইমার। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে তার ফিটনেস ও দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। তাই ঝুঁকি না নিয়ে এবার কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের এই তারকা।
ব্রাজিলিয়ান সিরি আর গুরুত্বপূর্ণ ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলবেন না নেইমার। ব্রাজিলের গণমাধ্যম জিওগ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, তাকে ছাড়াই মাঠে নামতে হবে তার ক্লাব সান্তোসকে।
জানা গেছে, বর্তমানে শারীরিকভাবে বেশ ক্লান্তিতে ভুগছেন তিনি। এর সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঘাসের মাঠে খেলার ঝুঁকি, বিশেষ করে আলিয়ানজ পার্কের মতো ভেন্যুতে চোট পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। এই পরিস্থিতিতে বড় কোনো ইনজুরিতে পড়লে বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে যেতে পারে। এই শঙ্কা থেকেই সতর্ক এই সিদ্ধান্ত।
এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্তভাবে বিশ্বকাপ দলে নেইমারের জায়গা নিশ্চিত করেননি। ফলে নিজেকে ফিট ও প্রস্তুত রাখতেই বাড়তি সাবধানতা অবলম্বন করছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে বড় ট্রফির আক্ষেপ এখনো রয়ে গেছে, একটি কনফেডারেশন্স কাপ ও অলিম্পিক স্বর্ণ ছাড়া বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি তিনি। সেই অপূর্ণতাই পূরণ করতে চান আসন্ন আসরে।