বৈরী আবহাওয়ায় হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা পণ্যবাহী যান

বৈরী আবহাওয়ায় হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা পণ্যবাহী যান

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে অসংখ্য পণ্যবাহী যানবাহন, ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

ঘাট এলাকায় দেখা গেছে, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ছাড়া ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে। বিকল্প কোনো পারাপারের ব্যবস্থাও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে।

ইউএনও রাসেল ইকবাল বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চালু করা হবে।