মালিবাগে ছুরিকাঘাতে আহত ৩ পোশাক শ্রমিক

মালিবাগে ছুরিকাঘাতে আহত ৩ পোশাক শ্রমিক

ফাইল ছবি

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে তিন পোশাক শ্রমিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর তাদের ওপর এ হামলা চালায় দুর্বৃত্তরা।

আহতরা হলেন করিমন, নবী ও রিফাত। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের পরিচিত মাহফুজুর রহমান জানান, করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডের একটি গেঞ্জি তৈরির কারখানায় কাজ করেন এবং সেখানেই থাকেন। অপর আহত নবী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত।

শ্রমিক দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন।

মাহফুজুর রহমান আরো জানান, তিন শ্রমিক মালিবাগ রেলগেট এলাকায় হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত করিমনকে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন একজন দুর্বৃত্তকে আটক করে মারধর করে। পরে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা আরো কয়েকজন সহযোগী নিয়ে ফিরে এসে অপর দুই শ্রমিককে ছুরিকাঘাত করে আতঙ্ক সৃষ্টি করে এবং আটক সঙ্গীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে রক্তাক্ত অবস্থায় আহত তিনজনকে প্রথমে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।