খাগড়াছড়ির রামগড়ে যুবলীগের ৩ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির রামগড়ে যুবলীগের ৩ নেতাকর্মী আটক

প্রতিকি ছবি

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হলেন, রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) ও সদস্য মো. মানিক (২৭)।  

জানা গেছে, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসেছিলেন তারা।

কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান শেষে তারা নিজ নিজ বাসায় রাত্রিযাপন করছিলেন। এ খবর পেয়ে পুলিশ ভোরেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেফতার তিন নেতাকর্মী ২০২৩ ও ২০২৪ সালের দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।